জামানতের টাকা ফেরত না পেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের শাখায় গ্রাহকদের বিক্ষোভ

সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেডের একটি শাখায় বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে কয়েকজন গ্রাহক শাখাটিতে এসে তাঁদের জমাকৃত টাকা ফেরতের দাবি জানান।
গ্রাহকদের অভিযোগ, নির্ধারিত সময় পার হয়ে গেলেও ডিপিএস ও এফডিআরসহ বিভিন্ন মেয়াদি আমানতের টাকা ফেরত দেওয়া হচ্ছে না। এ বিষয়ে তাঁরা শাখা ব্যবস্থাপকের সঙ্গে কথা বলতে গেলে তাৎক্ষণিকভাবে টাকা পরিশোধ করা সম্ভব নয় বলে জানানো হয়। এতে গ্রাহকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে ব্যাংকের ভেতরে ও বাইরে গ্রাহক ও কর্তৃপক্ষের মধ্যে বাক্বিতণ্ডা শুরু হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মনির শাখা ব্যবস্থাপকের সঙ্গে আলোচনা করে গ্রাহকদের আগামী এক মাসের মধ্যে টাকা পরিশোধের আশ্বাস দেন। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।
তবে বিক্ষোভে অংশ নেওয়া গ্রাহকেরা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের পাওনা টাকা ফেরত না পেলে তাঁরা আবারও বৃহত্তর আন্দোলনে যাবেন।
এ বিষয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেডের টঙ্গী কলেজ গেট শাখার ব্যবস্থাপক আলী ইসলাম বলেন, ‘সঞ্চয়ী হিসাবের গ্রাহকদের সঙ্গে নিয়মিত লেনদেন চালু আছে। তবে বর্তমানে ডিপিএস ও এফডিআরসহ অন্যান্য মেয়াদি আমানতের টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে সব পাওনা পরিশোধ করা হবে।’
ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
