গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

এজেন্ট ব্যাংকিং শাখার ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার বিকেল সোয়া চারটার দিকে মহানগরীর ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তার কাজিম উদ্দিন চৌধুরী উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ডাচ-বাংলা ব্যাংকের ভোগড়া বাইপাস এজেন্ট ব্যাংকিং শাখা থেকে চান্দনা চৌরাস্তা শাখায় টাকা জমা দিতে যাচ্ছিলেন ওই শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান ও তাঁর এক সহকারী। একটি ব্যাগে করে ২৪ লাখ টাকা নিয়ে তাঁরা চান্দনা কাঁচা বাজারের পশ্চিম পাশে কাজিম উদ্দিন চৌধুরী উচ্চবিদ্যালয়ের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ছিনতাইকারীরা ২–৩টি মোটরসাইকেলে এসে তাঁদের পথরোধ করে।
এ সময় দুর্বৃত্তরা একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করলে সেই সুযোগে ছিনতাইকারীরা টাকা বহনকারী দুজনকে মারধর করে ব্যাগটি ছিনিয়ে নেয়। পরে তারা দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের ধরতে একাধিক পুলিশ দল কাজ করছে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
