তরুণদের মাদকমুক্ত রাখতে টঙ্গীতে আন্তঃফুটবল টুর্নামেন্ট শুরু

গাজীপুরের টঙ্গীর ৪৮ নম্বর ওয়ার্ডে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে শুরু হয়েছে আন্তঃফুটবল টুর্নামেন্ট। স্থানীয় যুবকদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এই উদ্যোগ নিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৪টায় টঙ্গীর বনমালা রোডস্থ হায়দারাবাদ ব্রিজ সংলগ্ন ফুটবল টার্ফে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ সরাফত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর শ্রমিক দলের সভাপতি আব্দুল মোমেন এবং গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম রাসেল। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিপুলসংখ্যক তরুণ-যুবক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ সরাফত আলী বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি বাড়াতে সহায়ক। তিনি এমন উদ্যোগ গ্রহণের জন্য আয়োজককে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত করার আহ্বান জানান।
টুর্নামেন্টের উদ্যোক্তা কাজী মইনুল ইসলাম মনু বলেন, তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এই আয়োজন। তিনি জানান, একটি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।
এই টুর্নামেন্টে ১৫ মিনিটের নক-আউট পদ্ধতিতে মোট ৩২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় হাজী মার্কেট একাদশ ও দক্ষিণ বনমালা একাদশ অংশ নেয়। পর্যায়ক্রমে নক-আউট পদ্ধতিতে অন্যান্য দলগুলোও প্রতিযোগিতায় অংশ নেবে।
এলাকাবাসীর মতে, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়াচ্ছে এবং এলাকায় একটি সুস্থ ও ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
