গাছা থানা বিএনপির মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষায় মাদকবিরোধী বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে গাছা থানা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
র্যালিটি বাদশা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠ থেকে শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের হাতে মাদকবিরোধী নানা স্লোগানসম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বলেন, মাদক একটি জাতির মেরুদণ্ড ভেঙে দেয়। একটি মাদকমুক্ত, সুস্থ ও শক্তিশালী প্রজন্ম গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে অনেক তরুণ অপরাধে লিপ্ত হচ্ছে। তাই পরিবার থেকে শুরু করে সামাজিক ও রাজনৈতিকভাবে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই।
তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের প্রতি নজরদারি বাড়াতে হবে এবং তাদের মাদকের সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
সমাবেশে বিএনপি নেতা আবুল হাশেম, শফিউল্লাহ শফি, কালাম ব্যাপারীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেছেন।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
