টঙ্গীতে গভীর রাতে মুদি দোকানে আগুন, ক্ষতি প্রায় ৭ লাখ টাকা

মাহবুব আলম জুয়েল
গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর জামাইবাজার এলাকায় গভীর রাতে একটি মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত প্রায় ১টার দিকে সামছুল আলম টুটুলের “টুটুল স্টোর” নামের দোকানটিতে এ আগুন লাগে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাত সাড়ে ১১টার দিকে দোকানটি বন্ধ করে বাড়ি যান মালিক। পরে রাত ১টার দিকে হঠাৎ দোকান থেকে আগুনের শিখা বের হতে দেখে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানের ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ অগ্নিকাণ্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দোকান মালিক সামছুল আলম টুটুল আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। ঘটনাস্থলে তাকে অসহায় অবস্থায় কান্না করতে দেখা গেছে, যা উপস্থিত সবার মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
