BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ || প্রকাশের তারিখঃ ২৪ এপ্রিল, ২০২৬

টঙ্গীতে ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার : গ্রেফতার ২

টঙ্গীতে ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার : গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর গাজীপুর মহানগরীর টঙ্গীতে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোররাতে টঙ্গীর পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে জসিম (৪০) এবং লালমনিরহাট জেলা সদরের নয়া কুঠিরপাড়া গ্রামের মৃত হাফেজ নুর রহমানের ছেলে শরিফুল আলম আরিফ (৩২)। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন জসিম ও আরিফ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্রের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। পরে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসানের তত্ত্বাবধানে এসআই (নি:) মো. বায়েজিদ নেওয়াজসহ পুলিশের একটি দল পাঠানপাড়া এলাকার একটি মসজিদের সংলগ্ন জনৈক মজিবরের বাড়িতে অভিযান চালায়। এ সময় ভাড়াটিয়া হাবিবুর রহমানের কক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারে লুকানো অবস্থায় একটি ম্যাগাজিন সংযুক্ত বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে এসআই (নি:) মো. বায়েজিদ নেওয়াজ বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় অস্ত্র আইনের ১৮৭৮ সালের ১৯(এ) ধারায় একটি নতুন মামলা দায়ের করেছেন। এছাড়া পূর্বের সংঘর্ষ মামলাতেও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা চলমান রয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) মহিউদ্দিন আহমেদ বলেন, কোনো অপরাধেরই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে এবং অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892