BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২২ মে, ২০২৬ || প্রকাশের তারিখঃ ২২ মে, ২০২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে প্রত্যাশা ও বাস্তবতা বাংলাদেশে বিএনপি যতবার সরকার গঠন করেছে,

স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে প্রত্যাশা ও বাস্তবতা বাংলাদেশে বিএনপি যতবার সরকার গঠন করেছে,
প্রতিবেদক মাহবুব আলম জুয়েল ততবারই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল অনেক বেশি। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণ, প্রশাসনিক জবাবদিহিতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বের কারণে এই মন্ত্রণালয় সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো— অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, বিএনপি সরকারের কোনো স্বরাষ্ট্রমন্ত্রীই পুরোপুরি সফলতার স্বাক্ষর রাখতে পারেননি। সম্প্রতি সালাউদ্দিন আহমেদকে ঘিরেও রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল। তার বক্তব্যের ধরন, ব্যক্তিত্ব, বডি ল্যাঙ্গুয়েজ ও রাজনৈতিক অভিজ্ঞতা অনেকের মধ্যে আশাবাদ সৃষ্টি করেছিল যে, তিনি দায়িত্ব পেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দৃশ্যমান পরিবর্তন আনতে পারবেন। অনেকেই মনে করেছিলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে তিনি একটি কার্যকর ও জনবান্ধব প্রশাসনিক কাঠামো গড়ে তুলবেন। কিন্তু বাস্তবতার সঙ্গে সেই প্রত্যাশার মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। গত কয়েক মাসের কার্যক্রম পর্যবেক্ষণ করলে অনেকের কাছেই মনে হয়েছে, প্রত্যাশিত দৃঢ়তা ও কার্যকর পদক্ষেপ এখনো দৃশ্যমান হয়নি। সমালোচকদের মতে, তার পারফরম্যান্স অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জাহাঙ্গীর আলম চৌধুরীর চেয়েও হতাশাজনক বলে প্রতীয়মান হচ্ছে। ব্যক্তিগত পর্যবেক্ষণে অনেকে মনে করেন, অতীতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীদের মধ্যে লুৎফরুজ্জামান বাবর তুলনামূলকভাবে বেশি কার্যকর ভূমিকা পালন করেছিলেন। রাজনৈতিক বিতর্ক থাকলেও প্রশাসনিক নিয়ন্ত্রণ ও মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনায় তার দৃশ্যমান উপস্থিতি ছিল বলেই অনেকের মূল্যায়ন। ফলে তাকে পুনরায় দায়িত্ব দেওয়া হলে অন্তত বর্তমান পরিস্থিতির তুলনায় ভালো কিছু হতে পারে— এমন মতও রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে। তবে মূল প্রশ্নটি ব্যক্তি নয়, বরং পুরো পুলিশ প্রশাসনকে ঘিরে। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে যে পুলিশ বাহিনী রাজনৈতিক বিরোধী দল ও সাধারণ জনগণের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়েছিল, সেই একই কাঠামো এখনো বহাল রয়েছে। শুধু থানা বা জেলা বদলি করলেই প্রশাসনের চরিত্র বদলে যায় না— এমন মন্তব্য এখন সাধারণ মানুষের মধ্যেও শোনা যাচ্ছে। অনেকের মতে, গত ১৭ বছরে যেসব পুলিশ সদস্য রাজনৈতিক নিপীড়ন, হয়রানি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিতর্কিত হয়েছেন, তাদের জবাবদিহিতার আওতায় না এনে জনগণের আস্থা পুনরুদ্ধার সম্ভব নয়। বর্তমান সরকারের উচিত শুধু প্রশাসনিক রদবদল নয়, বরং পুলিশ বাহিনীতে কার্যকর সংস্কার, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দিকে গুরুত্ব দেওয়া। একজন সচেতন নাগরিক ও সাংবাদিক হিসেবে এখনো পর্যন্ত পরিস্থিতি দেখে আশাবাদী হওয়ার মতো বড় কোনো পরিবর্তন চোখে পড়ছে না। তাই সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সবার প্রতি আহ্বান— জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে পুলিশ প্রশাসনে বাস্তবভিত্তিক সংস্কার এবং বিতর্কিত কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্ত জরুরি। তবেই জনগণ একটি মানবিক, পেশাদার ও গণমুখী আইন-শৃঙ্খলা বাহিনীর প্রত্যাশা করতে পারবে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892