BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২২ মে, ২০২৬ || প্রকাশের তারিখঃ ২২ মে, ২০২৬

সুন্দরবনের কুখ্যাত ‘ছোট সুমন বাহিনী’র প্রধানসহ ৭ দস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত ‘ছোট সুমন বাহিনী’র প্রধানসহ ৭ দস্যুর আত্মসমর্পণ
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘ছোট সুমন বাহিনী’র প্রধান সুমন হাওলাদারসহ সাত সদস্য আবারও বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর চত্বরে জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবা উল ইসলামের কাছে অস্ত্র ও গুলি জমা দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর আগে ২০১৮ সালেও অস্ত্র ও গুলিসহ আত্মসমর্পণ করেছিলেন সুমন হাওলাদার। সে সময় তার সঙ্গে সিদ্দিক হাওলাদারও আত্মসমর্পণ করেন। তবে গত ৫ আগস্টের পর সুমনের নেতৃত্বে সিদ্দিকসহ সাতজন পুনরায় সুন্দরবনে দস্যুতা শুরু করে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আত্মসমর্পণকারী দস্যুরা হলেন— মোংলা উপজেলার সুমন হাওলাদার (৩২), রবিউল মল্লিক (২৫), রফিক শেখ (২৯), সিদ্দিক হাওলাদার (৪০), গোলাম মল্লিক (৩৮), ইসমাইল খান (৩১) এবং বাগেরহাটের রামপাল উপজেলার মাহফুজ মল্লিক (৩৪)। কোস্ট গার্ড জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিল। কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবা উল ইসলাম বলেন, সুন্দরবনের সব বনদস্যু বাহিনী নির্মূলে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানের ফলে বিভিন্ন দস্যু বাহিনী ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। তিনি আরও বলেন, অভিযানের চাপে ছোট সুমন বাহিনীর প্রধান সুমন হাওলাদার ও তার সহযোগীরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী গত ১৭ মে রাত ১১টার দিকে মোংলার সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকায় তারা কোস্ট গার্ডের কাছে অনানুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এ সময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় একনলা বন্দুক, ২টি দেশীয় পাইপগান, ২৫ রাউন্ড তাজা গুলি ও ৩ রাউন্ড ফাঁকা গুলি জব্দ করা হয়। পরে বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আনুষ্ঠানিক আত্মসমর্পণের কার্যক্রম সম্পন্ন হয়।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892