টঙ্গী-ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়লার ভাগাড় নির্মাণের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
টঙ্গী-ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মধ্যবর্তী এলাকায় প্রস্তাবিত ময়লার ভাগাড় (ডাম্পিং স্টেশন) নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রহমান। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, জনবহুল এলাকায় এবং গুরুত্বপূর্ণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার ভাগাড় নির্মাণ করা হলে পরিবেশ দূষণ, দুর্গন্ধ ও জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি সৃষ্টি হবে। এতে পুরো এলাকার সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হবেন।
মানববন্ধনে বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ডা. হাফিজুর রহমান। তিনি বলেন, “জনবিরোধী এই প্রকল্প বাস্তবায়ন হলে পুরো এলাকা ক্ষতিগ্রস্ত হবে। গাজীপুর নিয়ে ন্যূনতম মায়া-দয়া থাকলে এ ধরনের প্রকল্প নেওয়া যায় না। অবিলম্বে এই প্রকল্প থেকে সরে আসুন।”
বক্তারা দ্রুত এই প্রকল্প বাতিলের দাবি জানান এবং স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে বিকল্প স্থানে বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
