টঙ্গীতে যুবলীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে যুবদলের মিছিল

স্টাফ রিপোর্টার, টঙ্গী
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুকের নেতৃত্বে মিছিলটি টঙ্গীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিলগেট এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে যুবদলের নেতা-কর্মীরা যুবলীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। তাঁদের হাতে ব্যানার ও প্ল্যাকার্ডও দেখা যায়।
মিছিলে নেতৃত্ব দেওয়া আকবর হোসেন ফারুক বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা কাম্য নয়। জনগণের জানমালের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা বলেন, টঙ্গী শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এখানকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সড়ক যোগাযোগের ওপর অনেকটাই নির্ভরশীল। কোনো রাজনৈতিক কর্মসূচির কারণে শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচল যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে তাঁরা গুরুত্বারোপ করেন।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিলগেট এলাকায় পৌঁছালে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
