মাদকের বিরুদ্ধে দাঁড়ালেই যদি ক্ষমতা হারাতে হয়, বদলি হতে হয়, প্রাণ দিতে হয়—তবে মাদকমুক্ত দেশ গড়বে কে

#
#মাহবুব আলম জুয়েল
#মাদকবিরোধী অবস্থান নেওয়ায় যদি মন্ত্রীত্ব হারানোর আশঙ্কা থাকে, দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে বদলির মুখে পড়তে হয়, আর মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিককে গুলিতে প্রাণ দিতে হয়—তবে সেই দেশে মাদক নির্মূলের প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত?
মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না; ধ্বংস করে পরিবার, সমাজ ও একটি দেশের ভবিষ্যৎ। অথচ মাদকের বিরুদ্ধে যাঁরা সাহস করে দাঁড়ান, তাঁদেরই যদি নানামুখী চাপ, হয়রানি, বদলি কিংবা প্রাণনাশের ঝুঁকির মুখে পড়তে হয়, তাহলে মাদক কারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠবে—এটাই স্বাভাবিক আশঙ্কা।
প্রশ্ন হচ্ছে, মাদকের বিরুদ্ধে কথা বলাই যদি অপরাধে পরিণত হয়, তাহলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে? যারা মাদক নির্মূলে দায়িত্ব পালন করবেন, তাঁদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করবে কে? আর মাদকের ভয়াবহতা তুলে ধরতে গিয়ে সাংবাদিকদের জীবন যদি ঝুঁকির মুখে পড়ে, তাহলে সত্য প্রকাশের স্বাধীনতা রক্ষা করবে কে?
মাদক নির্মূলের স্লোগান দিয়ে নয়, মাদক কারবারিদের পৃষ্ঠপোষকতা বন্ধ করে, প্রভাবশালীদের জবাবদিহির আওতায় এনে এবং সৎ পুলিশ কর্মকর্তা ও সাহসী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করেই মাদকমুক্ত দেশ গড়া সম্ভব।
মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে কোনো মন্ত্রীকে দায়িত্ব হারাতে হলে, কোনো পুলিশ কর্মকর্তাকে অন্যায়ভাবে বদলির শিকার হতে হলে কিংবা কোনো সাংবাদিককে সত্য প্রকাশের কারণে প্রাণ দিতে হলে—সেসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
আমরা এমন একটি দেশ চাই, যেখানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে কাউকে রাজনৈতিক বা প্রশাসনিক চাপে পড়তে হবে না; সত্য প্রকাশ করতে গিয়ে কোনো সাংবাদিককে প্রাণের ভয় পেতে হবে না; আর অপরাধী যত প্রভাবশালীই হোক, আইনের ঊর্ধ্বে থাকতে পারবে না।
রাষ্ট্রের কাছে স্পষ্ট প্রশ্ন—মাদক নির্মূল করবেন, নাকি মাদকবিরোধী কণ্ঠগুলোকে থামিয়ে দেবেন?
মাদকমুক্ত দেশ গড়তে হলে আগে মাদক কারবারিদের আশ্রয়-প্রশ্রয় বন্ধ করতে হবে। অপরাধীর পরিচয় নয়, অপরাধের ভিত্তিতে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় মাদকবিরোধী অভিযান কেবল বক্তব্য ও কাগজে-কলমেই সীমাবদ্ধ থেকে যাবে।
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ থামবে না। সত্য প্রকাশের কণ্ঠ রুদ্ধ করা যাবে না। মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা, সাংবাদিকদের নিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে—এটাই সময়ের দাবি।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
