BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ || প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬

উখিয়া সীমান্তে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার, বিজিবিকে দেখে পালাল দুই ব্যক্তি

উখিয়া সীমান্তে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার, বিজিবিকে দেখে পালাল দুই ব্যক্তি
নিজস্ব প্রতিবেদন কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে পালংখালী সীমান্তের গুইজ্জা খালসংলগ্ন মিজানের ঘের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবার পোটলা ফেলে পালিয়ে যান দুই সন্দেহভাজন ব্যক্তি। ৬৪ বিজিবি সূত্রে জানা যায়, বুধবার সকালে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারি চালানোর সময় মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন। এ সময় তাঁরা হাতে থাকা পোটলাগুলো ফেলে পাশের একটি ঘেরে ঝাঁপ দিয়ে গ্রামের দিকে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া পোটলাগুলো তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ১৫টি প্যাকেট উদ্ধার করেন। এসব প্যাকেটের মধ্যে আনুমানিক দেড় লাখ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনার পর পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন ৬৪ বিজিবি উখিয়া সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892