বুড়িচংয়ে ডিবি পরিচয়ে যানবাহনে তল্লাশি, ৩ যুবক আটক
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বুড়িচংয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মীরপুর উত্তরপাড়ার মৃত রহুল আমিনের ছেলে মো. সাদ্দাম হোসেন রিয়াজ (২৩), রাজাপুর ইউনিয়নের মসজিদপাড়ার আলমগীর হোসেনের ছেলে মো. ফাহিম হোসেন ওরফে সাইম (১৯) এবং একই এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. এনামুল হাসান (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চড়ানল এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন ওই তিন যুবক। তাঁদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাঁদের আটক করেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে তাঁদের কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
