দুর্নীতির মামলায় বরিশাল বিআরটিএ’র সাবেক সহকারী পরিচালক শাহ আলম কারাগারে

বরিশাল প্রতিনিধি:
দুর্নীতির মামলায় বরিশাল বিআরটিএ’র সাবেক ও বিতর্কিত সহকারী পরিচালক শাহ আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৬ জানুয়ারি) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করলে বিচারক শেখ ফারুক হোসেন তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে সোমবার সন্ধ্যায় আদালত থেকে অভিযুক্ত শাহ আলমকে কারাগারে নেওয়ার সময় ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেন তার স্বজনরা। এ সময় পুলিশের উপস্থিতিতেই স্থানীয় একটি পত্রিকার ফটো সাংবাদিক আব্দুর রহমানকে লাথি মারার অভিযোগ ওঠে অভিযুক্ত শাহ আলমের বিরুদ্ধে।
জানা গেছে, কারাগারে যাওয়া এমডি শাহ আলম বিআরটিএ’র বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বরিশাল কার্যালয়ে দায়িত্বে থাকাকালে ৩৪৪টি, ঝালকাঠি অফিসে ৯৩৩টি এবং পিরোজপুর অফিসে ১ হাজার ৮১টি বাস ও ট্রাকের ভুয়া রেজিস্ট্রেশন প্রদানের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানান, অবৈধভাবে যানবাহনের রেজিস্ট্রেশন প্রদান সংক্রান্ত অভিযোগে গত বছর দুর্নীতি দমন কমিশন (দুদক) এমডি শাহ আলমের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। সোমবার পুনরায় জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
এ ঘটনায় আদালত প্রাঙ্গণে সাংবাদিককে লাঞ্ছিত করার বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
