টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে জিসিসির উচ্ছেদ অভিযান অব্যাহত, স্বস্তি পথচারীদের

মাহবুব আলম জুয়েল নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের টঙ্গীতে সড়ক ও মহাসড়ক দখলমুক্ত রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান জোরদার করেছে গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট ও টঙ্গী পৌরসভা এলাকার সামনে এ অভিযান পরিচালিত হয়।
গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদের নেতৃত্বে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। এর আগে গত মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় প্রথম দফায় অভিযান শুরু করে জিসিসি।
অভিযানে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। সড়ক ও ফুটপাত দখল করে বসানো অস্থায়ী দোকান সরিয়ে পথচারী ও যানবাহন চলাচলের উপযোগী পরিবেশ তৈরি করা হয়। এতে স্থানীয় বাসিন্দা ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
অভিযান চলাকালে মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনাও অপসারণ করা হয়, ফলে দীর্ঘদিনের দখলদারিত্ব থেকে মুক্ত হয় ফুটপাত। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক সোহেল রানা জানান, মহানগরীর যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একাধিক স্থানে একযোগে এ অভিযান পরিচালিত হচ্ছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তবে স্থানীয়দের অভিযোগ, উচ্ছেদ অভিযানের পরও দখলদাররা পুনরায় একই স্থানে দোকান বসিয়ে নেয়। তাই উচ্ছেদের পর স্থায়ী সমাধান নিশ্চিত করতে কার্যকর নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
