BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ || প্রকাশের তারিখঃ ৮ অক্টোবর, ২০২৬

খেলার মাঠের অভাবে ঝুঁকিতে টঙ্গীর তিন এলাকার কিশোর-কিশোরীরা

খেলার মাঠের অভাবে ঝুঁকিতে টঙ্গীর তিন এলাকার কিশোর-কিশোরীরা
নিজস্ব প্রতিবেদক, টঙ্গী গাজীপুরের টঙ্গীর ৫০ নম্বর ওয়ার্ডের টেকবাড়ি, শালিকচূড়া ও চানকি এলাকায় খেলাধুলার জন্য নির্দিষ্ট কোনো মাঠ নেই। এতে এলাকার শিশু-কিশোর ও তরুণদের নিয়মিত খেলাধুলার সুযোগ কমে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, খেলাধুলার সুযোগের অভাবে নতুন প্রজন্মের একটি অংশ মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে ঝুঁকে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, টেকবাড়ি বিল এলাকায় মাঠের মতো বেশ কিছু জায়গা রয়েছে। এসব জায়গার কিছু অংশ বাউন্ডারি দিয়ে ঘেরা এবং খেলার উপযোগী বলেও তাঁরা দাবি করেন। এলাকার কিশোরেরা সেখানে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা করতে চাইলেও অনুমতি পাওয়া যায় না বলে অভিযোগ তাঁদের। স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, খেলাধুলার জন্য অনুমতি চাইলে কিংবা অনুরোধ জানালে সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ আপত্তিকর ভাষায় কথা বলেন এবং প্রশাসনের ভয় দেখান। ফলে মাঠ থাকা সত্ত্বেও ছেলেরা সেখানে খেলাধুলা করতে পারছে না বলে তাঁদের দাবি। একজন অভিভাবক বলেন, ‘ছেলেদের অবসর সময় কাটানোর মতো কোনো মাঠ নেই। তারা খেলাধুলা করতে না পারলে কোথায় যাবে—এটা নিয়ে আমরা উদ্বিগ্ন। একটি খেলার মাঠ শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করতে পারে।’ স্থানীয় বাসিন্দাদের দাবি, টেকবাড়ি বিল এলাকায় খেলার উপযোগী জায়গাগুলো চিহ্নিত করে শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত করা গেলে এলাকার তরুণ প্রজন্ম খেলাধুলার সুযোগ পাবে। একই সঙ্গে মাদক ও অপরাধপ্রবণতা থেকে তাদের দূরে রাখতেও এটি ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে খেলার মাঠের ব্যবস্থা এবং শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হোক।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892