১৮০ দিনের রোডম্যাপ ঘোষণা : যানজট নিরসন, খাল খনন ও ‘গ্রিন-অ্যান্ড-ক্লিন’ নগরী গড়ার প্রতিশ্রুতি
দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন মো. শওকত হোসেন সরকার। বুধবার সকালে নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি সময়বদ্ধ এই কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং নাগরিক সেবা উন্নয়নে দৃশ্যমান অগ্রগতির প্রতিশ্রুতি দেন।
নগরবাসীর দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে আগামী ছয় মাসের মধ্যে জয়দেবপুর রেলক্রসিংয়ের ওপর ফ্লাইওভার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দেন প্রশাসক। পাশাপাশি সাভার ও আশুলিয়ার সঙ্গে যোগাযোগ সহজ করতে কাশিমপুর এলাকায় দুটি সেতুর নির্মাণকাজ শুরুর আশ্বাস দেন তিনি। ঢাকার সঙ্গে সংযোগকারী বিকল্প সড়কগুলোর উন্নয়নও এই পরিকল্পনার আওতায় থাকবে বলে জানান।
পরিবেশ সুরক্ষায় দুটি বড় পদক্ষেপের কথা তুলে ধরে শওকত হোসেন সরকার বলেন, মহানগরের অভ্যন্তরে প্রবাহিত ১৯টি খাল জরুরি ভিত্তিতে খনন করা হবে। এতে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি মশার উপদ্রব কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে গাজীপুরকে ‘গ্রিন ও ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে ফুটপাথ দখলমুক্তকরণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, অপরিকল্পিত ডিসলাইন অপসারণ এবং সড়কবাতির মানোন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হবে।
সামাজিক শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন প্রশাসক। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে মহানগরের ৫৭টি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ ও একটি করে শিশু পার্ক নির্মাণের পরিকল্পনার কথাও জানান। পাশাপাশি সুস্থ ধারার শিল্প-সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদারের আশ্বাস দেন।
সিটি করপোরেশনকে শতভাগ দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার করে তিনি বলেন, নাগরিক সেবা সহজলভ্য করতে কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। জনকল্যাণমুখী প্রশাসন গড়ে তুলতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।
এর আগে সকালে নগর ভবনে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান ও সচিব মো. আমিন আল পারভেজ। পরে প্রশাসক নগর ভবনের সামনে একটি নিম গাছের চারা রোপণ করেন। একই দিনে স্থানীয় সরকার সচিবের সঙ্গে ভার্চুয়াল সভা এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
দায়িত্বের প্রথম দিনেই সময়বদ্ধ কর্মপরিকল্পনা ঘোষণায় নগরবাসীর মধ্যে নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
