টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির পরিচিতি সভা

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ
নিজস্ব প্রতিবেদক, টঙ্গী
গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত এ সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের নবগঠিত এডহক কমিটির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আজিজুল হক রাজু মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু ও মাহাবুব আলম শুক্কুর, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার শফি উদ্দিন শফি, প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলাম, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা, হুমায়ুন কবির সুমন, মুদাফা সৈয়দ আলী উচ্চবিদ্যালয়ের সভাপতি এবং টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুকসহ আমন্ত্রিত অতিথিরা।
সভায় নবগঠিত এডহক কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরার পাশাপাশি প্রতিষ্ঠানের চলমান শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের লেখাপড়ার মান বৃদ্ধি, নিয়মিত পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে যোগাযোগ জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কেবল অবকাঠামোগত অগ্রগতির ওপর নির্ভর করে না। শিক্ষার গুণগত মান, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা এবং অভিভাবকদের সহযোগিতার সমন্বয়েই একটি প্রতিষ্ঠান এগিয়ে যায়। এ জন্য পরিচালনা কমিটি, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে সরকার জাবেদ আহমেদ সুমন প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় পর্বে শিক্ষকেরা প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা, শিক্ষা কার্যক্রমের অগ্রগতি, শিক্ষার্থীদের উপস্থিতি ও শৃঙ্খলা এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সহযোগিতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া উপস্থিত অতিথি, এডহক কমিটির সদস্য ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
