ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডের ঘটনা: অপপ্রচার ও ‘ষড়যন্ত্রমূলক মামলা’র অভিযোগ, ক্ষোভ তৃণমূল বিএনপির

গাজীপুর (টঙ্গী) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে একটি শিল্পপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনাকে ঘিরে বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে এবং নিরপরাধ নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক’ মামলা দায়ের করা হয়েছে।
তৃণমূল নেতা-কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে দলে পরীক্ষিত ও ত্যাগী কর্মীদের মূল্যায়নের পরিবর্তে ‘হাইব্রিড’ ও বিতর্কিত ব্যক্তিদের প্রাধান্য দেওয়ায় মাঠপর্যায়ে হতাশা তৈরি হয়েছে। এ পরিস্থিতির সুযোগ নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ নানা
ধরনের অপপ্রচারে লিপ্ত হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি টঙ্গী বিসিক শিল্প এলাকায় অবস্থিত ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডে টঙ্গী পূর্ব থানা বিএনপির সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। সংশ্লিষ্ট নেতাদের ভাষ্য, তারা ফ্যাক্টরির
ওয়েস্টেজ মালামাল বিক্রির বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।
তবে এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য সময়ের একটি অস্ত্রধারী ব্যক্তির ভিডিও যুক্ত করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে ৪৩ ও ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
অভিযুক্ত নেতা-কর্মীদের দাবি, তারা সম্পূর্ণ নির্দোষ এবং প্রচারিত ভিডিওতে থাকা অস্ত্রধারী ব্যক্তির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত, বিভ্রান্তিকর প্রচারণার উৎস উদ্ঘাটন এবং নিরপরাধ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মামলার তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
