টঙ্গীতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর চেরাগআলী ফ্লাইওভারের নিচে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমির ও দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক মুহা. জামাল উদ্দীন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ. এইচ. এম. আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ আব্দুর রব।
গাজীপুর মহানগর যুব বিভাগের সভাপতি নেয়ামত উল্লাহ শাকেরের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত-মনোনীত মেয়র প্রার্থী ড. মোহাম্মদ হাফিজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমির মোহাম্মদ খায়রুল হাসান, মহানগর সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক এবং ৫৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির নেয়ামত উল্লাহ ভূঁইয়া।
বক্তারা জুলাই আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে স্মরণীয় হয়ে থাকবে। তাঁরা শহীদদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় গাজীপুর মহানগর, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এবং বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
