দেশের খবর
চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, মরদেহ মাঠে
চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, মরদেহ মাঠে
Admin মাহবুব আলম জুয়েল
৫ অক্টোবর, ২০২৬
6 views
Print
Share:
Link Copied!

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে চুরির অভিযোগ তুলে মো. রানা (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার ভোরে গাজীপুরা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হিসেবে রানার মরদেহ পাশের একটি মাঠে ফেলে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত রানা টঙ্গী পূর্ব থানার এরশাদনগর ২ নম্বর ব্লক এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে গাজীপুরা পশ্চিমপাড়ার হানিফ মিয়ার বাড়িতে রানা প্রবেশ করলে তাকে চোর সন্দেহে আটক করা হয়। পরে ওই বাড়ির ম্যানেজারসহ চার-পাঁচজন ভাড়াটিয়া তাকে বেধড়ক মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই রানার মৃত্যু হয় বলে অভিযোগ।
পরে বেলা সাড়ে ১১টার দিকে মেধাবিকাশ স্কুলসংলগ্ন লাভলী গার্মেন্টসের সামনের মাঠে রানার মরদেহ ফেলে রেখে সংশ্লিষ্টরা পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রানাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী নাজমা বেগম বলেন, সকালে কাজে যাওয়ার কথা বলে রানা বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর হানিফ নামে এক ব্যক্তি ফোন করে জানান, রানা দুটি মোবাইল চুরি করেছেন। তাকে ছাড়িয়ে নিতে ৫০ হাজার টাকা লাগবে। পরে তিনি তার ছেলেসহ পরিচিত কয়েকজনকে ঘটনাস্থলে পাঠান। সেখানে গিয়ে তারা দেখতে পান, হানিফের চারতলা বাড়ির ছাদে রানাকে মারধর করে ফেলে রাখা হয়েছে। পরে রানাকে ছাদ থেকে নামিয়ে পাশের একটি মাঠে ফেলে রেখে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, রানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চলছে।
#news#দেশের খবর
Share:
Link Copied!
