BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ || প্রকাশের তারিখঃ ৩১ আগস্ট, ২০২৬

টঙ্গীতে রাজউকের উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো হাজির মাজার বস্তি

টঙ্গীতে রাজউকের উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো হাজির মাজার বস্তি
স্টাফ রিপোর্টার: মাহবুব আলম জুয়েল গাজীপুরের টঙ্গীতে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একটি প্লট দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযানে টঙ্গীর ‘হাজির মাজার বস্তি’ হিসেবে পরিচিত এলাকায় গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পরে জমিটি রাজউকের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গী বাজারের কলকারখানা অধিদপ্তর-সংলগ্ন এলাকায় এ অভিযান শুরু হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে পে-লোডার, এস্কেভেটরসহ বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন। রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. লিটন সরকারের নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাঁরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি উচ্ছেদকারী দলকে নিরাপত্তা দেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টঙ্গীর হাজির মাজার বস্তি দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার অন্যতম স্থান হিসেবে পরিচিত ছিল। মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময় সেখানে অভিযান চালালেও মাদক কারবার পুরোপুরি বন্ধ হয়নি বলে তাঁদের দাবি। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পৃথকভাবে পাওয়া যায়নি। রাজউক সূত্রে জানা গেছে, উচ্ছেদ করা জায়গাটি সংস্থাটির নিজস্ব মালিকানাধীন একটি প্লট। দীর্ঘদিন ধরে প্লটটি অবৈধ দখলে ছিল। উচ্ছেদ অভিযানের মাধ্যমে সেখানে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো সরিয়ে জমিটি রাজউকের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। অভিযান শেষে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন বলেন, মাদকের সামাজিক অভিশাপ থেকে টঙ্গীকে মুক্ত করতে এবং সরকারি জমি পুনরুদ্ধারে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজউকের উপপরিচালক মো. লিটন সরকার বলেন, ‘রাজউকের একটি প্লট দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে ছিল। প্রশাসনের সহযোগিতায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্লটটি রাজউকের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।’ রাজউকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উচ্ছেদের পর যাতে ওই জমিতে পুনরায় অবৈধ দখল, স্থাপনা কিংবা মাদকের আড্ডা গড়ে উঠতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892