টঙ্গীতে অপহরণ করে ছাদে নিয়ে নির্যাতন, ২ লাখ টাকা মুক্তিপণ দাবি

৯৯৯-এ ফোনে প্রাণে বাঁচলেন গার্মেন্টস শ্রমিক
নিজস্ব প্রতিবেদক, টঙ্গী:
গাজীপুরের টঙ্গীতে এক গার্মেন্টস শ্রমিককে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে ছাদে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায় বলে জানা গেছে।
ভুক্তভোগী মো. সাইফুল ইসলাম (৩৫) টঙ্গী পূর্ব থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, রোববার (২৬ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে খাবার শেষে নিজ কক্ষে অবস্থান করছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে আরিফ মাতাব্বর (৩৭), প্রান্ত (২৫), মজিদ (৪৭), শাহাজাদা (২২) ও পমিজ (২৭)সহ অজ্ঞাত আরও কয়েকজন তার বাসায় প্রবেশ করে তাকে জোরপূর্বক অপহরণ করে।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা তাকে একটি সাদা প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে আরিফ মাতাব্বরের বাড়ির ছাদে আটকে রেখে সংঘবদ্ধভাবে মারধর করে। একপর্যায়ে তার ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
এছাড়া তাকে হত্যার উদ্দেশ্যে একটি প্লাস্টিকের ড্রামের ভেতরে ঢুকিয়ে নির্যাতন করা হয় এবং পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে নির্যাতন চালিয়ে যাওয়ার পাশাপাশি থানায় অভিযোগ করলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করে তুরাগ নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
পরে ভুক্তভোগীর পরিবার মুক্তিপণের টাকা জোগাড় করতে ব্যর্থ হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। এ সময় সুযোগ পেয়ে সাইফুল ছাদ থেকে দৌড়ে পুলিশের কাছে আশ্রয় নেন।
পরে টঙ্গী পূর্ব থানার এসআই মোন্নাফ তাকে উদ্ধার করে পরিবারের সহায়তায় টঙ্গী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী জানান, অভিযুক্তরা প্রভাবশালী ও খারাপ প্রকৃতির হওয়ায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত আরিফ মাতাব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
