বাংলা এডিশনের সাংবাদিক মাহবুব জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী :
গাজীপুরের কালিয়াকৈর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা এডিশনের গাজীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১১টায় টঙ্গীর কলেজ গেট এলাকায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটি ও স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সভাপতি এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ভোরের আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইব্রাহীম খলিল, গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি শামসুদ্দিন জুয়েল ও সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আরিফ, জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান খান, বাংলাদেশ জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি গাজী মামুন, বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটির মহাসচিব বি এম আশিক হাসান, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিনিয়র সহ-সভাপতি মোসলেহ উদ্দিন বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল খান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জুয়েল, দপ্তর বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম হামিদ, অর্থ বিষয়ক সম্পাদক মামুন আহমেদ, মানবাধিকার সম্পাদক রোমান শেখ, মহিলা সম্পাদিকা তাসলিমা আক্তার, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম, কবি সাহিত্যিক বিষয়ক সম্পাদক আশরাফুল আলম, আইটি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, টঙ্গী প্রেসক্লাবের সদস্য ও যায়যায়দিন পত্রিকার টঙ্গী প্রতিনিধি রাজিবুল ইসলাম রাজিব এবং সুজন গাজীপুর মহানগরের সভাপতি মো. মনিরুল ইসলাম রাজিবসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল বলেন, “অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
সভাপতির বক্তব্যে এ কে এম আজিজুল হক বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।” অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তিনি।
মানববন্ধন শেষে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে উপস্থিত সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করেন।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
